উৎসব মানে আনন্দের রঙে ঘর ভরিয়ে তোলা। বিশেষ করে দুর্গাপূজা বা শারদীয় উৎসবে বাড়ির আঙিনা ও ঘরের মেঝেতে আলপনা না আঁকলে যেন উৎসবের আমেজ অসম্পূর্ণ থেকে যায়। তবে যাঁরা ভাড়া বাড়িতে থাকেন, তাঁদের জন্য টাইলসের মেঝেতে আলপনা আঁকা কিছুটা চিন্তার কারণ হতে পারে। মূল ভয় থাকে স্থায়ী দাগ পড়ে যাওয়া কিংবা বাড়িওয়ালার অসন্তুষ্টি। একটু সচেতনতা এবং সঠিক উপাদান বেছে নিলে টাইলসের ক্ষতি না করে চমৎকার আলপনা আঁকা সম্ভব এবং পূজা শেষে তা সহজে তুলে ফেলা যায়।
টাইলসের ঘরে নিরাপদে আলপনা আঁকার কৌশল
ভাড়া বাড়ির টাইলসে আলপনা আঁকতে এমন উপাদান ব্যবহার করতে হবে, যেন রং পরে স্থায়ী দাগ হয়ে বসে না যায়।
- ঐতিহ্যবাহী চালের পিটুলি বা চক পাউডার: টাইলসের জন্য সবচেয়ে নিরাপদ উপাদান হলো চালের গুঁড়ার গোলা বা পিটুলি। এর সঙ্গে সামান্য পানি ও জিংক অক্সাইড বা চক পাউডার মিশিয়ে নিলে আলপনা বেশ সাদা ও উজ্জ্বল দেখায়। এতে কোনো ক্ষতিকর রাসায়নিক থাকে না। ফলে টাইলসে কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি নেই।
- অ্যাক্রিলিক বা এনামেল রং এড়িয়ে চলুন: অনেকে রং দীর্ঘস্থায়ী করতে অ্যাক্রিলিক বা কেমিক্যাল পেইন্ট ব্যবহার করেন। কিন্তু টাইলসের গ্রাউটিং বা সিরামিক আবরণে অ্যাক্রিলিক রং স্থায়ী দাগ ফেলে দিতে পারে। তাই উৎসবের সাময়িক সাজের জন্য গুঁড়া রং বা ওয়াটার-বেসড উপাদান ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
- স্টেনসিল বা ইজি-পিল স্টিকারের ব্যবহার: আঁকাআঁকিতে হাত পাকা না হলে বা মেঝের কোনো ঝুঁকি নিতে না চাইলে প্লাস্টিক স্টেনসিল কিংবা ফ্লোর স্টিকার ব্যবহার করতে পারেন। এগুলো বসানো ও তোলা—দুটোই সহজ।
- বেস লেয়ার তৈরি করা: সরাসরি টাইলসে কাজ না করে মেঝের ওপর স্বচ্ছ প্লাস্টিক শিট মেপে বিছিয়ে স্কচ টেপ দিয়ে আটকে তার ওপর আলপনা আঁকতে পারেন। এতে টাইলস নোংরা হবে না।
উৎসব শেষে সহজে আলপনা তোলার নিয়ম
পূজা শেষ হয়ে গেলে আলপনা পরিষ্কার করা অনেকের কাছে কঠিন কাজ মনে হতে পারে। তবে কিছু কাজ আপনার চিন্তা দূর করতে পারে সহজে।
- হালকা গরম পানি ও ডিশ ওয়াশ লিকুইড: শুকিয়ে যাওয়া চালের পিটুলি বা গুঁড়া আলপনা তোলার জন্য প্রথমে হালকা গরম পানিতে কয়েক ফোঁটা ডিশ ওয়াশিং লিকুইড মিশিয়ে নিন। এই পানি আলপনার ওপর স্প্রে করে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এতে শুকনা রং নরম হয়ে আসবে।
- প্লাস্টিক স্ক্র্যাপার বা সুতি কাপড়ের ব্যবহার: রং নরম হলে নরম সুতি কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন। কড়া আস্তরণ থাকলে ধাতব স্ক্রাবার বা ব্লেড দিয়ে কখনো ঘষবেন না, এতে টাইলসে স্থায়ী আঁচড় পড়ে যেতে পারে। প্লাস্টিকের হালকা স্ক্র্যাপার বা পুরোনো এটিএম কার্ড দিয়ে আলতো করে চেঁচে পরিষ্কার করুন।
- বেকিং সোডা ও ভিনেগারের ম্যাজিক: আলপনার রঙের কারণে টাইলসে যদি হালকা লালচে বা হলুদ ছোপ থেকে যায়, তবে বেকিং সোডার সঙ্গে সাদা ভিনেগার বা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাগের ওপর সেই পেস্ট ৫ মিনিট রেখে মৃদু ঘষা দিলে সব দাগ দূর হয়ে যাবে।
- শেষ ছোঁয়া: আলপনা সম্পূর্ণ উঠে যাওয়ার পর সাধারণ মেঝে মোছার লিকুইড, যেমন লাইজল বা ফিনাইল মিশিয়ে পুরো ঘর ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিন।
ভাড়া বাড়ি হলেও উৎসবের আনন্দ প্রকাশে বাধা থাকবে কেন? সঠিক উপাদান ও কৌশল জানা থাকলে টাইলসকে সুরক্ষিত রেখে ঘর আলপনার রঙিন রূপ দেওয়া যায়। এবারের পূজায় মেঝের ক্ষতির ভয় দূরে ঠেলে নিশ্চিন্তে রাঙিয়ে তুলুন আপনার প্রিয় আবাসন।
সূত্র: মাই টাইলস ও অন্যান্য
