দুর্গাপূজায় রাজধানীসহ সারাদেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের মতো কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা চলাকালে সম্প্রীতি বজায় রাখতে দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মাঠে সক্রিয় থাকবেন। শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সভার অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি।
এসব দাবিতে ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এনসিপি। এ কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম।
এ ছাড়া জনসংশ্লিষ্ট এসব ইস্যুতে ৩০ অক্টোবর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজও জোরদার করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাতও সভায় অংশ নেন।
