ঢাকা,২৪ অক্টোবর-বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এ সময় এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিল। লঘুচাপটি আরও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে এবং ধীরে ধীরে শক্তিশালী হতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতিও বদলে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার আশঙ্কায় গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের সময় সাগরে থাকা জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ২৪ অক্টোবর ২০২৬
