ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইস্তফা। এবার মন্ত্রীপদ ছাড়লেন তামিলনাড়ুর এল মুরুগান। একই সঙ্গে তিনি ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদপদ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, তিনি তৃণমূল স্তরে নেমে দলের সংগঠন বিস্তারে কাজ করতে চান। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের যে জল্পনা চলছিল, মুরুগানের ইস্তফায় সেই জল্পনা আরও বাড়ল। এই নিয়ে গত কয়েক মাসে তিনজন কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দিলেন।
তামিলনাড়ুর বিজেপি নেতা মুরুগান কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। লোকসভার সদস্য নন। রাজ্যসভার সদস্য হিসাবেই মন্ত্রী ছিলেন। সেই পদও ছেড়েছেন। মনে করা হচ্ছে দলের নির্দেশেই তাঁর এই সিদ্ধান্ত। মুরুগান নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে সংগঠনের কাজ করার জন্য তাঁর এই সিদ্ধান্ত। সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতমাতা এবং তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। একজন দিনমজুরের সন্তান থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।’
এর আগে কেরল থেকে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন চলতি বছর জুন মাসে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন পাঞ্জাবের বিজেপি নেতা রবনীত বিট্টু। তাঁরা দু’জনই এখন দলের হয়ে কাজ করছেন। মুরুগানও সে পথেই এগোবেন। তিনি ২০২১ সালে প্রথম বার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। এর পরে ২০২৪ সালে দ্বিতীয় বারের জন্য তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। মেয়াদ শেষের অনেক আগেই সরতে হল তাঁকে।
আসলে মোদি মন্ত্রিসভায় রদবদল নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই জল্পনা শোনা যাচ্ছে। তবে বিরোধীদের বিক্ষোভ, জেন জি বিক্ষোভের মতো বিবিধ ইস্যুর জন্য সেই প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তবে মুরুগানের ইস্তফাই ইঙ্গিত, দ্রুতই মন্ত্রিসভায় রদবদল প্রক্রিয়া শুরু হতে পারে।
