নওগাঁর বদলগাছী উপজেলায় পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির প্রায় ২০০ গজ উত্তরে মো. বুলবুল হোসেনের একটি খালি জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করতে যান শিশুটির বাবা। বাবার পিছু পিছু সোহাগীও সেখানে যায় এবং জমির পাশে খেলাধুলা করতে থাকে।
একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পাশের ধানখেত থেকে দুটি শেয়াল বেরিয়ে এলে শিশুটি ভয় পেয়ে দৌড় দেয়। এ সময় জমিতে হাল চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে টিলারের ফলা ও চাকার আঘাতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় কোনো আইনি জটিলতা নেই এবং কোনো মামলা দায়ের করা হয়নি।
The post বদলগাছীতে পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু appeared first on ভোরের চেতনা.
