Published on
:
1 min read
নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে উঠে বিতর্কে জড়ালেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জাপুরি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার সময়ে তাঁকে মাঝপথে থামিয়ে দেন সে রাজ্যের মন্ত্রী সুবোধ উনিয়াল। গায়কের বিরুদ্ধে মঞ্চে মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রীর বক্তব্য, দুর্গামাতার পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাওয়া অনুচিত। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)
সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উঠে আসেন উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল। যিনি নরেন্দ্রনগরের বিধায়কও। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি প্রকাশ্যেই গায়কের গান গাওয়া নিয়ে আপত্তি জানান। তাঁর অভিযোগ, মদ্যপান করে এমন একটি ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়া ঠিক নয়। মন্ত্রীর বক্তব্য, নবরাত্রিতে দুর্গামাতার অনুষ্ঠান চলছে, সেখানে মদ্যপান করে গান গাওয়া অনুচিত। শুধু তা-ই নয়, অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই যে গায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, সে কথাও মনে করিয়ে দেন তিনি।
ঘটনার যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেখানে মন্ত্রীকে দালের মেহেন্দির উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কী করে?’ তাঁর অভিযোগ, শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। অথচ তাঁর পারফরম্যান্সে দর্শকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
অন্য দিকে, ভিডিয়োয় দালের মেহেন্দিকে মন্ত্রীর কাছে অনুরোধ জানাতে দেখা যায়। হাতজোড় করে তিনি বলেন, ‘স্যর, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’ মঞ্চে এই কথোপকথনের পরই ঘটনাটি নিয়ে চর্চা শুরু হয়েছে।
