আজকাল ওয়েবডেস্ক: বেতন বাকি, তাই বয়কট অনুশীলন। ডুরান্ড চ্যাম্পিয়নদের মাঠের বাইরের টেনশন শুরু। বুধবার বিকেলে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্স যেন ভাঙা হাট। মনে হতেই পারে, এটা ইস্টবেঙ্গল, না মহমেডানের প্র্যাকটিস? গত দুই মরশুমে সাদা কালো শিবিরে বেতন নিয়ে সমস্যা লেগেই থাকত। যার ফলে প্রায়শই অনুশীলন বয়কট করতেন ফুটবলাররা। কিন্তু লাল হলুদে এমন চিত্র হয়ত ভাবা যায়নি। বেতন ছাড়াই একের পর এক ম্যাচ খেলছেন ফুটবলাররা। কিন্তু বকেয়া বেতন নিয়ে অসন্তোষ রয়েছে ফুটবলারদের মধ্যে। তাই চার্চিল ব্রাদার্স ম্যাচের আগে অনুশীলন বয়কট করা হয়। মুখে কেউ কিছু না বললেও, নিঃশব্দ বিপ্লব মহম্মদ রশিদ, আনোয়ার আলি, এডমুন্ড লালরিনডিকাদের।
ইমামির সঙ্গে গাঁটছড়া ভাঙার পর এখনও নতুন ইনভেস্টর চূড়ান্ত হয়নি। কর্তারা নিজেদের পকেট থেকেই খরচ সামলাচ্ছেন। এমন পরিস্থিতিতেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ঘরের মাঠে আল শোর্তার বিরুদ্ধে দারুণ খেলেছে। ম্যাচ হারলেও, আধিপত্য ছিল আন্তোনিও হাবাসের দলের। বুধবার থেকে আইএসএলের প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল। সেই মতো বিকেলে মাঠেও চলে আসেন ফুটবলাররা। কিন্তু প্রাকটিসে নামেননি। শুরুতেই নিজেদের মধ্যে বৈঠক করেন। তারপর অনুশীলনে না নেমে একে একে মাঠ ছাড়েন। কেউ কোনও কথা বলেনি। তারপরই বকেয়া বেতন নিয়ে ফুটবলারদের অসন্তোষের কথা প্রকাশ্যে আসে।
রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের। তার আগে প্রস্তুতির বিশেষ সময় নেই। হাবাসের হাতে মাত্র চারদিন ছিল। তারমধ্যে একদিন অনুশীলন বয়কট হওয়ায়, বাড়ল সমস্যা। শুক্রবার গোয়া রওনা হওয়ার কথা দলের। তার আগে ঘরের মাঠে দু'দিন প্রস্তুতির সময়। রশিদদের এমন পদক্ষেপের পর আসরে নেমেছেন লাল হলুদের কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় বকেয়া বেতন মেটানোর চেষ্টা করা হচ্ছে। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বকেয়া বেতনের একটি অংশ পেতে পারে ফুটবলাররা। আইএসএল শুরুর প্রাক্কালে কোনওক্রমে সামাল দেওয়ার চেষ্টা চলছে।তবে কর্তাদের আশা, দুই একদিনের মধ্যেই ইনভেস্টর সমস্যা মিটে যাবে। জয় দিয়েই অভিযান শুরু করতে চায় আইএসএল চ্যাম্পিয়নরা। কত দ্রুত এই সমস্যার নিষ্পত্তি হয়, এখন সেটাই দেখার।
