ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ অক্টোবর) পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। বাড়িটিতে অবৈধভাবে বাজি তৈরি করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত পাঁচজনের মধ্যে দুজনই শিশু।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন আমরুদ্দিন আহমেদ (৭০), মুশকাল সিদ্দিকি (২০), খুশবু সিদ্দিকি (১০), আরশাদ সিদ্দিকি (৮) এবং রাজকুমার ওরফে ভোলা (৩৫)। বিস্ফোরণের পর তাদের মরদেহ সিওয়ান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে।
সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে এ ঘটনায় আহত কেউ ভর্তি নেই। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণে সামান্য আহত কয়েকজন পুলিশের কাছে বা সংশ্লিষ্ট দপ্তরে খবর দেননি। তাদের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অবৈধ বাজি তৈরির কাজে ব্যবহৃত বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তিনি আরও বলেন, বাড়িটিতে কীভাবে বিস্ফোরণ ঘটল, সেখানে কতটা বিস্ফোরক মজুত ছিল এবং কারা অবৈধভাবে বাজি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক সরবরাহের উৎস শনাক্ত করাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।