
ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে পিটিয়ে অচেতন করার অভিযোগে পুত্রবধূ আটক
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়িকে মারধর করে অচেতন করে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে (২১) আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক লিমা আক্তার ওই গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টুর স্ত্রী। তাঁর শাশুড়ির নাম আরজিনা বেগম (৬২)।
পুলিশ জানায়, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে লিমা আক্তারকে আটক করা হয়। এ সময় আহত আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
