দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি (১৩ অক্টোবর) রাজধানীর ঢাকার মিরপুর-১০ এ আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে এ সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হয়। এছাড়া চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেএনএস কানাডা (বিডি)-এর পরিচালক ডা. তাসরিনা রহমান ‘ফাইব্রোস্ক্যান-দি প্লাটফর্ম ফর দি ডায়াগনোসিস অফ দি কনসিকুয়েন্স অফ ক্রোনিক লিভার ডিজিজ’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তার উপস্থাপনায় লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, দীর্ঘস্থায়ী লিভার রোগের জটিলতা নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি, আধুনিক এই ডায়াগনস্টিক প্রযুক্তি কীভাবে লিভারের অবস্থা মূল্যায়নে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেড -এর চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ এবং প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি)
চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতেও চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার প্রসারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
