ঝিনাইদহে আপন দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই নজরুল ওরফে সুমন পলাতক রয়েছেন। তাঁরা দুজনই একই গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কাপড় শুকাতে দেওয়া নিয়ে ঝগড়া হয়। সেসময় ছোট ভাই সোহান মাঠে কৃষিকাজ করছিলেন। পরে বড় ভাই নজরুল বাড়িতে ফিরে স্ত্রীর কাছে ঝগড়ার কথা শুনে ক্ষুব্ধ হন। এরপর তিনি মাঠে গিয়ে ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে সোহান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ভাইকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।
