বক্সার বিশাল জঙ্গলে শিকারের জন্য বুনো শুয়োর আছে, চিতল হরিণও আছে। কিন্তু কী কারণে বক্সার বাঘিনি (বিটিআর টিএফ১) রাজ্য ছেড়ে আচমকা পা রাখল পড়শি অসমের কোকরাঝাড়ে, রায়মোনা টাইগার রিজ়ার্ভের কাছে। পশ্চিমবঙ্গ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এনক্লোজ়ার থেকে মুক্ত জঙ্গলে পা রাখার পরে গত তিন সপ্তাহে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পঁচিশ মাইল টাওয়ার থেকে ক্রমশই পূর্বদিকে এগিয়েছে বছর তিনেকের বাঘিনি। তাতে সে রেকি করেছে প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার এলাকা।