নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে উল্টো পথে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু রুদ্র (১৬), ইয়ামিন (১৫) ও শ্রাবণ (১৯) নিহত হয়েছেন; বৃহস্পতিবার রাতে দুজন ঘটনাস্থলে এবং শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
নিহতরা হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬), দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫) এবং রাজধানীর বাড্ডা এলাকার জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)। রুদ্র মিয়া আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির এবং ইয়ামিন বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচলে ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে তারা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়ামিন নিহত হয়। গুরুতর আহত শ্রাবণকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত অপর বন্ধুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
