বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া বৃহস্পতিবার ২২ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নিক্কেই এশিয়া বলছে, এই ঘোষণার প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং এশীয় অঞ্চলে চীনের প্রভাব হ্রাস করা। পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে তৈরি করা।
জাপানের এই বিনিয়োগ বাংলাদেশে অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। একই সঙ্গে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছে জাপান।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাবেন। সফরের দ্বিতীয় দিনে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজেও তিনি অংশ নেবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
