কালবেলা · সাধারণ
খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
২৪/১০/২০২৬

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা অবরোধে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।
এদিকে খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, পানছড়ি সড়ক, সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি, টায়ারে আগুন দেয় তারা।
অবরোধের ফলে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ৯ উপজেলায় অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম। অবরোধ শেষে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক ছিল সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্নস্থানে টহল টিম কাজ করছে। বিভিন্ন স্থানে সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলেও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিকেটাররা দৌড়ে পালায়।
এদিকে আধাবেলা সড়ক অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন অনেকে। মাগুড়া থেকে আসা ব্যবসায়ী মো. বায়েজিদ বলেন, ‘আমি মারিশ্যা যাব। এখানে এসে শুনছি অবরোধ। খুব ঝামেলায় পড়েছি।’
এদিকে দেওয়ান ঐশী নামে এক পর্যটক বলেন, ‘মূলত সাজেক যাওয়ার জন্য বুধবার খাগড়াছড়ি শহরে এসেছি। সাজেক বন্ধ থাকার কারণে রাঙামাটি ঘুরে খাগড়াছড়ি আসলাম। আজকে শুনি এখানেও দুপুর পর্যন্ত অবরোধ। অবরোধ শেষ হলে ঢাকায় চলে যাব।’
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল, আলুটিলাসহ বিভিন্ন স্থানে সতর্ক ছিল পুলিশ।’
মূল প্রতিবেদনে যান ↗