কালবেলা · general
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে
২৫/১০/২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানকে কারাগারে পাঠোনো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ঢাকার আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আব্দুল মান্নানের পক্ষে আইনজীবী আল ইমরান মুকুল জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়নি।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন। ওই মামলাতেই আব্দুল মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗