তিন দিন ধরে নিখোঁজ মো. রজিব। ব্যবসায়িক কাজে গত মঙ্গলবার দুপুরে টঙ্গীর বাসা থেকে বের হয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেননি। ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলছে না। তিন মেয়ে বাবার অপেক্ষায় না খেয়ে বসে থাকে। স্ত্রী ঘুরছেন থানা, হাসপাতালে। পরিবারের কর্তাকে খুঁজে না পেয়ে দিশেহারা পুরো পরিবার।
রাজিবের স্ত্রী শাহানাজ পারভীন আমাদের সময়কে বলেন, প্রতিদিনের মতো টঙ্গীর বাসা থেকে ব্যবসার কাজে আশুলিয়া যান রাজিব। প্রতিদিন সন্ধ্যায় ফোন করে মেয়েদের খোঁজ নেন। সেদিন আর ফোন করেনি। রাত সাড়ে সাতটার দিকে আমি ফোন করলে তার ফোন বন্ধ পাই। এরপরে দুশ্চিন্তা বাড়তে থাকে। পরবর্তী সময়ে পরিচিত সব জায়গায় যোগাযোগ করেও তার খোঁজ পাচ্ছি না আমরা।
কান্নাজড়িত কণ্ঠে শাহানাজ পারভীন বলেন, তার সঙ্গে কারও দ্বন্দ্ব আছে বলে আমরা কখনও শুনিনি। আমার মেয়েরা বাবার অপেক্ষায়, শুধু কান্না করছে। আজ তিন দিন হয়ে গেল। জিডি করেছি, পুলিশও খুঁজে বের করতে পারছে না। আমি সন্তানদের কী বলব, কী করব- কিছুই বুঝছি না।
গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় করা সাধারণ ডায়েরি ও পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকা থেকে ৪২ বছর বয়সী মো রজিব নিখোঁজ হয়েছেন।
আশুলিয় থানার সাব ইন্সপেক্টর মো. মহিউদ্দিন আজাদ বলেন, আমরা সব তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কাজ চলমান আছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
