কালবেলা · স্বাস্থ্য
হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার
২২/১০/২০২৬

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাফিজুর রহমান অয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলম শেখের বাড়ি নাটোর জেলায়। তার পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহে ঘিরে ধরেন এবং হাসপাতালে আসার কারণ জানতে চান। তিনি কোনো উত্তর দিতে না পারায় স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে নিয়ে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডিসি আরও জানান, নিহত ব্যক্তির আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗