হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযানে বাস্তুচ্যুত শত শত পরিবার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ অভিযানে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শহরটিতে চলাচলের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিবিসি’র প্রকাশিত এক প্রতিবেদনে এ ঘটনার তথ্যচিত্র উঠে এসেছে।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ইসরায়েলি বুলডোজারের তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। ভিডিওর কিছু দৃশ্যে একটি সম্পূর্ণ সড়কজুড়ে ভবন ধ্বংস হয়ে যাওয়ার চিত্রও উঠে এসেছে। প্রায় দুই লাখ বাসিন্দার শহর হেবরনের বিভিন্ন এলাকায় অবরোধ আরোপ করায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযানের ঘোষণা দেন। একটি চেকপয়েন্টে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। ওই হামলায় আরও তিন ইসরায়েলি সেনা আহত হন। হামলাকারী দুই ফিলিস্তিনিও নিহত হন।
নেতানিয়াহু শুক্রবার জানান, হামলার ঘটনাস্থলের আশপাশের ভবন এবং হামলাকারীদের বসবাস করা এলাকাগুলো ধ্বংস করা হবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের কারণে প্রায় দুই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হেবরনের আইন দেইর বাহা ও ফারশ আল-হাওয়া এলাকায় অভিযানটি কেন্দ্রীভূত হয়েছে। এসব এলাকায় আবাসিক ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি জানান।
কাটজ বলেন, কয়েক ডজন পরিবারকে রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে। কিছু পরিবারকে নিজেদের যানবাহন ছাড়াই বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া যেসব বাড়ি ভেঙে ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে, সেগুলোতে স্প্রে রঙ দিয়ে চিহ্ন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রায় ০.৩৫ বর্গকিলোমিটার শহুরে এলাকা থেকে মোট ২ হাজার ৫০০ মানুষকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি মনে করেন। তবে হেবরনের গভর্নর ও ডেপুটি মেয়র জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ২০০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পশ্চিম তীরজুড়ে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। অভিযান কয়েক দিন ধরে চলতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
