রাস্তার ধারে আবর্জনা ফেলতে গিয়ে সভ্যতার পাঠ পেলেন তরুণ। রাতের রাস্তায় কোলে সন্তানকে নিয়ে ময়লা ফেলতে বেরিয়েছিলেন তরুণ। দেওয়ালের ধারে আবর্জনা ফেলে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিলেন। সেই সময় ঘটল এক অদ্ভুত কাণ্ড। যান্ত্রিক স্বরে তরুণকে সেখান থেকে ময়লা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হল। কিন্তু আশপাশে কোনও লোককে দেখা গেল না। তরুণ চমকে গেলেন। তা হলে কে বলল আবর্জনা তুলে নেওয়ার কথা? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি গ্রেটার নয়ডার সেক্টর বিটা ১-এ ঘটেছে বলে জানা গিয়েছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের রাস্তায় সন্তানকে কোলে নিয়ে হাঁটছেন তরুণ। হাতে ধরা রয়েছে আবর্জনাভরা প্যাকেট। তরুণ রাস্তার ধারে দেওয়ালের কাছে প্যাকেটটি ফেলে বাড়ির পথে হাঁটা দিলেন। সেই সময় ঘটল চমক। যান্ত্রিক স্বরে তরুণকে রাস্তার ধার থেকে ময়লা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হল। তরুণ সে কথায় কান না দিয়ে চলে যাচ্ছিলেন। কিন্তু সেই স্বর তরুণকে দাঁড়াতে বাধ্য করল। তরুণ অবাক হয়ে দাঁড়িয়ে আশপাশ দেখতে লাগলেন। কিন্তু কাউকে দেখা গেল না। স্বরটি তরুণকে ফিরে গিয়ে আবর্জনা তুলে আনার জন্য ফের নির্দেশ দিল। বলা হল, আবর্জনা সেখান থেকে তুলে না নিয়ে গেলে জরিমানা দিতে হবে। তরুণ চুপচাপ এগিয়ে গিয়ে আবর্জনার প্যাকেটটি হাতে তুলে রাস্তার অপর প্রান্তে হাঁটা লাগালেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক স্বরটি সেই অঞ্চলে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে ভেসে এসেছিল। সেক্টর বিটা ১-এর ‘রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের’ তরফে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেই ক্যামেরার মাধ্যমে স্থানীয়েরা জায়গাটির উপর নজরদারি করেন। ক্যামেরার অপর পার্শ্বে যিনি থাকেন, সেই ব্যক্তিই তরুণের কাণ্ড দেখে কথা বলেছিলেন। সেই সমিতির তরফে জানানো হয়েছে, লোকালয়ের কোথাও কেউ ময়লা ফেলছেন কি না সে দিকে নজর রাখা হয়। কিন্তু তা সত্ত্বেও অনেকে যত্রতত্র আবর্জনা ফেলা থামাচ্ছেন না বলে অভিযোগ।
‘অভিষেকএমসিআরপি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা উদ্যোগটির প্রশংসা করেছেন।
