আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আল-আমিন মোল্লার পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়েছে।
শনিবার (মহা সপ্তমীর দিন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি বিনিময়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুরের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচির শুরুতে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শেষ হয়।
পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আল-আমিন মোল্লার পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্থানীয় স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে তাদের উপহার হিসেবে টি-শার্ট প্রদান করা হয়।
এ সময় যুবদল নেতা ইমরান খান ইয়ানুর বলেন, আলফাডাঙ্গা অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। শারদীয় দুর্গোৎসব যেন সবাই নিরাপদে এবং আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সেই বার্তা পৌঁছাতেই আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আল-আমিন মোল্লার পক্ষ থেকে এই আয়োজন।
