আল আমিন ॥
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী সঠিক তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে সঠিক যাচাই-বাছাই এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলা হলরুমে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ডা. মো. মনিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে নির্ভুল তথ্য সংগ্রহ এবং মাঠপর্যায়ে কঠোর যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। কার্যক্রমটি সফল করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মাঠকর্মী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিরা।
উল্লেখ্য, সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা, মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।