ছবির ক্যাপশন: .
মোঃ আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ ও মাদকমুক্ত ভবিষ্যৎ’ শীর্ষক সচেতন অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমানউল্লাহ আমান বলেন, "জনগণের ভোট ও আস্থায় দেশ আজ সঠিক পথে পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য সুবিধা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ সরকারের নানামুখী উদ্যোগের ফলে দেশ যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে, তখনই ফ্যাসিবাদের দোসররা গোপনে ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিন শেষ।"
বিদ্যুৎ ও গ্যাসের সাময়িক সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উৎপাদন বাড়াতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সংকট দ্রুত নিরসন হবে। এ সময় তিনি বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আসন্ন শারদীয় দুর্গোৎসব নিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে তিন শিফটে পাহারার দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে কেরানীগঞ্জ উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার হালিমা আক্তার, প্রধান শিক্ষিকা রওসানারা, বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
