বগুড়ায় হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি এবং ফেসবুকে পিস্তলের ছবি পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাং ‘সুইট গ্রুপ’-এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের এরিন আহম্মেদ সুইট (১৯) এবং তাঁর সহযোগী মিরাজুল ইসলাম (১৯)। সোমবার (১২ অক্টোবর) ডিবির ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রবিবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রধান অভিযুক্ত সুইটের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কদিন আগে গ্রামের একটি সড়কের সেতুর রেলিংয়ে বসে হাতে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন সুইট। পরে সেটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করার পাশাপাশি পিস্তলের ছবি ব্যবহার করে আরেকটি ভিডিও পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
এ ঘটনার পর থেকে সুইট আত্মগোপনে চলে যান। তবে রবিবার সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় সুইট ও তাঁর সহযোগী মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁদের আটক করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকে পোস্ট করা পিস্তলের ছবিটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনায় ডিবির এসআই ফজলুল হক বাদী হয়ে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব
