অন্তঃসত্ত্বাকে রাস্তা থেকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানের দৌসায়। ঘটনাস্থলে সন্তান প্রসব করে কিশোরী। অভিযুক্তেরা পালিয়ে গেলে নিজেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতালে পৌঁছোয় সে। চিকিৎসকেরা শিশুটিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি দৌসা জেলার কোলবা থানা এলাকার। পুলিশ সুপার কুন্দন কাঁওয়ারিয়া জানিয়েছেন, নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে একটি বিশেষ দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক বন্ধুর বাইকে করে বাড়ি থেকে হাসপাতালে যাচ্ছিল কিশোরী। অভিযোগ, সেই সময় বাড়ি থেকে কিছুটা দূরে একদল যুবক তাদের পথ আটকে দাঁড়ান। তার পর কিশোরীকে জোর করে তুলে নিয়ে যান দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাছে একটি নির্জন জায়গায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনার পর প্রসবযন্ত্রণা শুরু হয় কিশোরীর। তার পর ঘটনাস্থলে সন্তান প্রসব করে। ওই অবস্থায় সে স্থানীয় হাসপাতালে পৌঁছোয়। হাসপাতাল কর্তৃপক্ষ কিশোরীকে দেখামাত্রই তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় পুলিশে।
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
