ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। হামলায় দুটি বিপণিবিতান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান।
এদিন ইউক্রেনের নয়টি অঞ্চলে হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সি এক নারী ও ৫৮ বছর বয়সি এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এ তথ্য জানান।
বিজ্ঞাপন
দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে নিহত হয়েছেন দুজন। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরো দুজন নিহত হয়েছেন।
পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক গভর্নর রোমান রোমানিউক।
এছাড়া কিয়েভ থেকে পোল্যান্ডগামী গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোভেল শহরে একটি শুল্ক টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় প্রায় ১০টি ট্রাকে।
রিভনে শহরে একটি বড় বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর কোভাল। সম্মুখসারির কাছাকাছি অবস্থিত সুমি শহরের একটি বিপণিবিতানেও হামলা হয়েছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন মেরামতকর্মীরা।
ভোলিন অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
আঞ্চলিক রাজধানী লুৎস্কে বিদ্যুৎবিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমভস্কি। রিভনে শহরের বড় অংশও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
