সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ১০টি ফ্লাইটের ৩ হাজার ৪৩১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।
আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার এএসএম স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে। এর প্রভাব পড়েছে এসব ফ্লাইটের যাত্রীদের ওপর।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা এবং পরবর্তী যাত্রার সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
