চলতি মৌসুমে প্রথম হার দেখল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গতকাল তারা পিএসজির বিপক্ষে ৪-২ গোলে হেরেছে। পরবর্তী ম্যাচে আগামী রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় লড়বে কাতালানরা। পিএসজির কাছে হার আসন্ন ম্যাচের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলে মনে করেন বার্সার অধিনায়ক রাফিনিয়া।
টিএনটি স্পোর্টসকে রাফিনিয়া বলেন, ‘সত্যি বলতে আমরা জানতাম কোনো একসময় এমনটা ঘটতে পারে। আমাদের প্রথম হার আসতে পারে। শেষ পর্যন্ত আমরা খেলছি দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে, তাদেরই মাঠে। আমরা জানতাম তারা নিজেদের মাঠে কতটা শক্তিশালী। তাই এমন কিছু ঘটার সম্ভাবনা সত্ত্বেও নিজেদের খেলার ধরন খুঁজে নেওয়ার চেষ্টা আমরা কখনো বন্ধ করিনি। ম্যাচটি ছিল ভারসাম্যপূর্ণ।’
মৌসুমের প্রথম এই হারকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘আমরা জানতাম এমনটা হতে পারে। শেষ পর্যন্ত এটি মাত্র তিন পয়েন্ট হারানো, এ নিয়ে বড় কিছু ভাবার নেই। সামনে আরও অনেক ম্যাচ আছে।’
লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে আছে। সামনের ব্যস্ত সূচি নিয়ে রাফিনিয়া বলেন, ‘এটি কঠিন একটি সপ্তাহ। তবে বড় বড় ম্যাচে ভরা এই সপ্তাহের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত বলে মনে করি। লা লিগায় আমাদের অপরাজিত থাকার ধারাটি এখনও অক্ষুণ্ন আছে। সেটি ধরে রাখতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ঊরুর চোটে পড়েছিলেন রাফিনিয়া। সেই চোট কাটিয়ে পিএসজির বিপক্ষে শুরুর একাদশে ফিরেছিলেন তিনি। তবে তাকে ৬০ মিনিট খেলিয়েই তুলে নেন কোচ হ্যান্সি ফ্লিক। যে কারণে তাকে কিছুটা নাখোশ মনে হয়েছিল। এ নিয়ে রাফিনিয়া জানান, ‘কোচ আমাকে তুলে নিয়েছিলেন। তখন একটু বিরক্ত হয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আরও কয়েক মিনিট খেলতে পারতাম। আপনি সব সময়ই মাঠে থাকতে চাইবেন, বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে সব ঠিক আছে।’
তিনি আরও বলেন, ‘যেমনটা বলেছি, এটি আরেকটি ম্যাচ মাত্র। শারীরিকভাবে নিজের সেরা অবস্থায় ফেরার জন্য এখনও কাজ করছি। পরিকল্পনার অংশ হিসেবেই আমাকে কম সময় খেলানো হয়েছে। তবে এমন একটি ম্যাচ শেষ হওয়ার পর আপনার শুধু আবার মাঠে নামতে ইচ্ছা করবে।’
এএইচএস
