Published on
:
2 min read
পুজোয় পাঁচ-ছ’দিন ডায়েটের কোনও বালাই ছিল না। প্রায় রোজই রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেছেন। বাড়িতেও মুখরোচক পদ খাওয়া হয়েছে। রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা— সব মিলিয়ে ঘুম এবং শরীরচর্চা, দুই-ই শিকেয় উঠেছিল। তার উপর মদ্যপানও হয়েছে। পুজো মিটতেই তাই অনেকেই শরীরকে ‘ডিটক্স’ করার কথা ভাবছেন। কেউ খাচ্ছেন লেবু-জল, কেউ আবার ভরসা রাখছেন নানা রকম ডিটক্স পানীয়ে। কিন্তু সত্যিই কি ডিটক্স পানীয় খেলে শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায়? আর এই অনিয়মের পরে কি শরীরের সত্যি ডিটক্সিফিকেশনের দরকার?
শরীরের কি কখনও আলাদা করে ডিটক্সিফিকেশনের দরকার পড়ে?
শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়ার প্রাকৃতিক প্রক্রিয়া অনবরত চলতে থাকে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার ও কিডনি। লিভার ক্ষতিকর পদার্থ প্রক্রিয়াকরণে সাহায্য করে এবং কিডনি মূত্রের মাধ্যমে সেই বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয়। তাই সুস্থ শরীরকে ডিটক্স করার জন্য বিশেষ পানীয় খাওয়ার প্রয়োজন নেই। বরং পুজোর অনিয়মিত জীবনযাপনের পরে বাঁধাধরা অভ্যাসে ফিরলেই উপকার পাবেন।
কী ভাবে বুঝবেন শরীরের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন?
পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্তি কাটছে না, সারাদিন দুর্বল লাগছে। এর কারণ ঘুমের অভাব, অনিয়মিত খাদ্যাভ্যাস-সহ নানা সমস্যা হতে পারে।
ত্বকের সমস্যা ও মুখে দুর্গন্ধ: হঠাৎ ব্রণ, ত্বকে শুষ্ক ভাব কিংবা নিয়মিত দাঁত মাজার পরেও মুখে দুর্গন্ধ— এরকম লক্ষণ দেখা দিলে বুঝবেন শরীরের বাড়তি যত্নের প্রয়োজন রয়েছে।
পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যা লেগে রয়েছে। এমন সমস্যা থাকলে খাওয়াদাওয়ায় বদল আনুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
পুজোর পরে শরীরের হাল ফেরাবেন কী ভাবে?
পর্যাপ্ত জল পান করুন। ডিটক্স ওয়াটার খাওয়া যায়। তবে জলের বিকল্প কিছু নেই।
অতিরিক্ত চিনি, ভাজাভুজি ও প্রক্রিয়াজাত খাবার বন্ধ করে দিন। তার বদলে ফল, শাকসব্জি, ডাল এবং ফাইবার যুক্ত খাবার খান।
প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করুন। ঘুমের সঙ্গে আপস করলে শরীর আবার ছন্দে ফিরতে পারবে না।
নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীর চাঙ্গা থাকবে এবং কাজে মন দিতে পারবেন।
FAQ
১. পুজোর পরে কি শরীর ডিটক্স করা জরুরি?
না। সুস্থ শরীরের লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে।
২. ডিটক্স পানীয় খেলে কি শরীরের সব টক্সিন বেরিয়ে যায়?
না। ডিটক্স পানীয় শরীরের সমস্ত টক্সিন বের করে দেয়, এমন দাবির যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।
৩. পুজোর পরে শরীর সুস্থ রাখতে কী খাবেন?
ফল, শাকসব্জি, ডাল ও ফাইবারসমৃদ্ধ খাবার খান। পর্যাপ্ত জল পান করুন এবং অতিরিক্ত চিনি ও ভাজাভুজি এড়িয়ে চলুন।
৪. পুজোর পরে কত ঘণ্টা ঘুমোনো প্রয়োজন?
প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করুন।
৫. কোন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন?
দীর্ঘস্থায়ী ক্লান্তি, দুর্বলতা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।
