Published on
:
2 min read
আর রাখঢাক নয়, অবসর নিয়ে এ বার সরাসরি জবাব দিলেন রোহিত শর্মা। বিগত কয়েক মাস ধরে ক্রিকেটমহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—কবে অবসর নিচ্ছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক? অবশেষে তিনি সেই জবাব দিলেন। সেটা কোনও সাংবাদিক বৈঠকে নয়, একেবারে হালকা চালে নিজের সঞ্চালিত টিভি শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-র মঞ্চে। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তাঁর অবসর নিয়ে বাজারে যা উড়ছে, তা গুজব ছাড়া কিছুই নয়।
অবসর নিয়ে কী বললেন রোহিত?
অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর এবং অভিনেতা চাঙ্কি পান্ডে। সেখানে এক ভক্ত তিন তারকাকে প্রশ্ন করেন তাঁরা নিজেদের সম্পর্কে সবচেয়ে মজাদার গুজব কী শুনেছেন? সেখানে রোহিত শর্মা বলেন, ‘আমার সম্পর্কে যে গুজবটা আমি সবার মুখে শুনেছি এবং এখনও পর্যন্ত শুনেই চলেছি, তা হলো—আমি নাকি খুব শীঘ্রই অবসর নিতে চলেছি।’ রোহিতের এই বার্তার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রোহিত ভক্তরা।
রোহিতের অবসরের গুঞ্জন
তবে এই গুজব কিন্তু ভিত্তিহীন নয়। ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটের অন্দরে শুরু হয়েছিল দ্বন্দ্ব। ক্রিকেট মহলে রটেছিল, তৎকালীন প্রধান নির্বাচক অজিত আগরকর ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের রূপরেখা চূড়ান্ত করতে গিয়ে রোহিতকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল তরুণ বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালকে রোহিতের জায়গায় সুযোগ দেওয়া। এমনকি রোহিতকে সরাসরি কিছু না বলে তাঁরই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু তথা তৎকালীন সাউথ জোনের নির্বাচক প্রজ্ঞান ওঝাকে দূত হিসেবে পাঠিয়ে অবসরের বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন আগরকর।
রোহিত শর্মা কি ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন?ছবি: এক্স (@CricCrazyJohns)
এই পদক্ষেপে ক্ষুব্ধ হন রোহিত। তিনি সরাসরি বোর্ডের শীর্ষকর্তাদের কাছে গিয়ে আগরকরের একপেশে নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, অনেকেই ধরে নিয়েছিলেন মে ২০২৫-এ ঠিক যেভাবে লাল বলের দল থেকে বাদ পড়ার ইঙ্গিত পেয়ে রোহিত সোশ্যাল মিডিয়ায় টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, এবারও ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের শেষ ওয়ানডের পরেই হয়তো চিরতরে সাদা বল থেকেও সরে দাঁড়াবেন তিনি।
এর পর বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বিবৃতি দিয়ে সেই জল্পনা নস্যাৎ করেন।
এ বার BCCI-এর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রজ্ঞান ওঝা। ওয়াকিবহাল মহলের দাবি, রোহিতের ফিটনেস ও পারফরম্যান্স যতদিন শীর্ষ পর্যায়ে থাকবে, ততদিন তাঁকে খেলিয়ে যাওয়ার পক্ষপাতী ওঝার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটি।
