শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১০ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে পরিচালিত ইলিশ সংরক্ষণ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. মনির (২৪), ফারুক খলিফা (২৬), সোহেল আকন (২০), মো. চান মিয়া (২২), ইমরান চৌকিদার (২৪), জাফর মিয়া (২০), মো. শফিক খা (৩০), মিরাজ খাঁ (২২), মো. জলিল খাঁ (১৯) ও নুর ইসলাম মুন্সি (৬৫)।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহুরা বলেন, অভিযানে জব্দ করা চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার ধ্বংস করা হয়। এ ছাড়া ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান কালবেলাকে বলেন, ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটক ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে ইলিশ আহরণের পাশাপাশি পরিবহন, মজুত, ক্রয়বিক্রয় ও বাজারজাতকরণও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর ও মা ইলিশ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদীতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
