ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষ করে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। তবে ঢাকায় পা রাখার আগেই ক্যারিবীয় শিবিরে এসেছে বড় পরিবর্তন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে সরাসরি দেশে ফিরে যাচ্ছেন অলরাউন্ডার কিমো পল। তার বদলি হিসেবে বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে এর আগে উইন্ডিজের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রানের পাশাপাশি ৫৮ উইকেট শিকার করেছেন তিনি। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন স্প্রিঙ্গার; চার ম্যাচে ৫০.২০ গড়ে করেন ২৫১ রান।
বাংলাদেশ সফরের এই উইন্ডিজ স্কোয়াডে অনুপস্থিত রয়েছেন সাদা বলের নিয়মিত অধিনায়ক শাই হোপ ও তারকা পেসার আলজারি জোসেফ। বিশ্রাম দেওয়া হয়েছে হোপকে, আর অতিরিক্ত কাজের চাপ সামলাতে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে জোসেফকে। মূলত জোসেফের বদলি হিসেবেই দলে ডাক পেয়েছিলেন কিমো পল, তিনিও এখন ব্যক্তিগত কারণে ছিটকে গেলেন।
এর আগে ভারত সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করে ক্যারিবীয়রা, যার শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।
বাংলাদেশ সফরে এসে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ দল। এরপর আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৫ নভেম্বর সিলেটে, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।
