বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন ঋষভ পন্থছবি: X
Published on
:
2 min read
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে ভারতের কাছে এখন প্রায় সব ম্যাচই মাস্ট উইন। তাই আসন্ন নিউ জ়িল্যান্ড সফর নিয়ে প্রস্তুতিতে খামতি রাখছে না টিম ইন্ডিয়া। কিন্তু ট্যুরের এক মাস আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোটের জন্য ছিটকে গেলেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। সিনিয়র দল নামার আগে নিউ জ়িল্যান্ড ‘A’-র বিরুদ্ধে মাল্টি-ডে ম্যাচ খেলার কথা ভারতীয় ‘A’ দলের। সেই সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন পন্থ। সোমবার এই খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সিনিয়র দলের হয়ে পন্থ খেলতে পারবেন কি না, সেটাও এখনও নিশ্চিত নয়।
কেন ছিটকে গেলেন পন্থ?
সেপ্টেম্বরে ইরানি কাপে রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে খেলার সময়ে বাঁ দিকের পেশিতে চোট পেয়েছিলেন পন্থ। কিউয়িদের বিরুদ্ধে খেলার জন্য ভারতীয় ‘এ’ দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে ফিট হলে তবেই খেলার কথা ছিল। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। আপাতত BCCI-এর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বোর্ডের তরফে জানানো হয়েছে, পন্থের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে প্রথম দুই ম্যাচে নেই তিনি। তৃতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও অনিশ্চিত?
পন্থের চোটে উদ্বেগ বেড়েছে ভারতীয় শিবিরে। কারণ, আগামী ১৯ নভেম্বর থেকে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারতের সিনিয়র দল। তার আগে নিউ জ়িল্যান্ডের পরিবেশে লাল বলের ক্রিকেটে প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ ছিল পন্থের কাছে। তবে সিনিয়র দলের হয়ে পন্থের খেলা নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি BCCI।
পন্থের পরিবর্ত হিসেবে সুযোগ পেলেন কে?
ভারতীয় A দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র। সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছে BCCI। ঝাড়খণ্ডের ২১ বছরের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নজর কেড়েছেন। দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছিলেন কুশাগ্র। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে আরও একটি শতরান করেন। এ বার নিউ জ়িল্যান্ড সফরে পন্থের অনুপস্থিতিতে নিজেকে প্রমাণ করার সুযোগ তাঁর সামনে।
