নিজের জীবন নিয়ে কোনো বায়োপিক তৈরি হোক, তা চান না বলিউড সুপারস্টার সালমান খান। জীবনের গল্প পর্দায় তুলে ধরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেতা বলেছেন, তাঁর জীবনের গল্প তাঁর সঙ্গেই শেষ হবে।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ ৯’এর প্রথম পর্বে নিজের জীবন, সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন সালমান। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অভিনেত্রী কারিশমা কাপুর তাঁকে প্রশ্ন করেন, তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হলে কোন পরিচালককে বেছে নেবেন তিনি?
এ সময় চারজন পরিচালকের নাম দেওয়া হয়—কবির খান, ডেভিড ধাওয়ান, সুরজ বরজাতিয়া ও সঞ্জয় লীলা বানসালি। গল্পের ধরন অনুযায়ী প্রত্যেক পরিচালকের কাজের সম্ভাবনা নিয়ে নিজের মতামত জানান সালমান।
অভিনেতার মতে, হাস্যরসাত্মক গল্পের জন্য ডেভিড ধাওয়ান উপযুক্ত। বিষাদময় প্রেমের গল্প হলে তাঁর পছন্দ সঞ্জয় লীলা বানসালি। অন্যদিকে, সুন্দর প্রেমের গল্পের জন্য সুরজ বরজাতিয়া এবং অ্যাকশন ও প্রেমের মিশেলে তৈরি গল্পের জন্য কবির খানকে বেছে নিতেন তিনি।
তবে পরিচালকদের নিয়ে নিজের পছন্দের কথা বললেও বায়োপিক তৈরির বিষয়ে সালমানের অবস্থান একেবারেই ভিন্ন। নিজের জীবনের গল্প নিয়ে সিনেমা নির্মাণের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘আমার জীবন নিয়ে কখনো বায়োপিক তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার কবর পর্যন্তই যাবে।’
সালমানের এই মন্তব্যে স্পষ্ট, নিজের ব্যক্তিগত জীবনের গল্প পর্দায় তুলে ধরতে আগ্রহী নন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের সামনে হাজির হলেও নিজের জীবনের গল্প ব্যক্তিগত রাখতেই চান এই তারকা।
এদিকে, অনুষ্ঠানে নিজের শেষ সিনেমায় কোন অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে চাইবেন, সেই প্রশ্নও করা হয় তাঁকে। তবে অবসরের প্রসঙ্গটি উড়িয়ে দিয়ে সালমান বলেন, ‘শেষ সিনেমা এখনই হচ্ছে না, ভাই। এখনো নয়।’
অর্থাৎ, আপাতত অভিনয় থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। পর্দায় নতুন চরিত্রে দর্শকদের বিনোদন দিতে চান এই অভিনেতা। তবে নিজের জীবনের গল্প নিয়ে বায়োপিক তৈরির বিষয়ে তাঁর সিদ্ধান্ত যে স্পষ্ট, তা বুঝিয়ে দিয়েছেন সালমান।
