হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘আমরা সবাই হামলার লক্ষ্যবস্তু’ এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য। সৌদি আরবের ওপর হামলা আমিরাতসহ উপসাগরীয় সব দেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় দেশগুলো যে যুদ্ধে জড়াতে চায়নি, সেই যুদ্ধে তাদের দুর্বলতম পক্ষ হিসেবে বিবেচনা করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এই ভুল মূল্যায়ন থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গারগাশ বলেন, উপসাগরীয় দেশগুলোর যৌথ উদ্যোগ আবারও জোরদার করা জরুরি। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে পুরো অঞ্চলের সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে হবে।
তার মতে, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা অন্যদের উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে বাড়াবাড়ি করতে উৎসাহিত করেছে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার অভিন্ন দায়িত্ব। এ বিষয়ে কোনো শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।
এএম
