রাহাত আলী, মণিরামপুর : সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা ব্যত্যয় করা যাবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী সফরে জেলা প্রশাসক মণিরামপুর থানা ও পৌরসভার কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় পৌরসভার উন্নয়ন প্রকল্প উদ্বোধন, উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটক ও ইউএনওর বাসভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। পরে ঝাঁপা ভাসমান সেতু পরিদর্শন এবং নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, মণিরামপুর থানার ওসি আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

