দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেটারদের অংশগ্রহণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা ১৪ ও ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি দেশে খেলাধুলার পেশাদার পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যে ৩৫টি জেলার ৪৯৯টি ইউনিয়ন পর্যায়ের মাঠের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
নগর এলাকায় খেলার জায়গার সংকট কমাতে ১৩টি সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে ৪৭৮টি ফুটসাল গ্রাউন্ডের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। শিগগিরই এগুলোর বাস্তবায়ন শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার বিষয়ে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসর থেকে বাছাই করা ৩০৬ জন উদীয়মান অ্যাথলেটকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি খরচে তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্বও বহন করা হবে। আগামী ৫ নভেম্বর থেকে খুলনাসহ দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর দ্বিতীয় আসর শুরু হবে। এতে প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ অ্যাথলেট সরাসরি অংশ নেবেন বলে জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ক্রীড়া কার্যক্রম চালু রাখার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে ক্রীড়া কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে উপাচার্যদের চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
টুর্নামেন্টের আয়োজন
ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেস আয়োজিত এ টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়টির রজতজয়ন্তী উদযাপনের অংশ। আয়োজকদের মতে, বাংলাদেশে এ ফরম্যাটে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য নারী শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত কাজের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা।
টুর্নামেন্টটি নিবেদিতপ্রাণ সমাজকর্মী আয়েশা হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠালগ্নে স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে কাজ করেছেন। নারী ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়নে তাঁর অবদানকে সম্মান জানানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, আইইউবিএটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উত্তরা বিশ্ববিদ্যালয়।
টি-১০ ইনডোর ক্রিকেটের এ প্রতিযোগিতায় প্রতিটি ইনিংসে ১০ ওভার খেলা হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় ১৫ জন খেলোয়াড়, একজন কোচ ও একজন ম্যানেজার নিয়ে দল নিবন্ধন করতে পারবে। বর্তমানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা বিনা নিবন্ধন ফিতে অংশ নিতে পারছেন।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ও গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।
টুর্নামেন্টে মোট ১ লাখ ৫৫ হাজার টাকার পুরস্কার, ট্রফি, মেডেল ও ব্যক্তিগত সম্মাননা দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা।
১৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের। আয়োজকদের ভাষ্য, এ প্রতিযোগিতা নারী শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়াবে এবং নতুন প্রজন্মের নারী নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সংবাদ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
২৯ জুন ২০২৬
২৭ জুলাই ২০২৫
১৬ ফেব্রুয়ারি ২০২৫
