গাংনীতে বালতির পানিতে ডুবে প্রাণ গেলাে শিশু পলাশের
অক্টোবর ১৯, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে বালতি ভর্তি পানিতে ডুবে পলাশ হােসেন নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু পলাশ ওই গ্রামের হারুন- অর- রশীদের ছেলে।
সোমবার বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশুটির মা পপি খাতুন টিউবওয়েলের পাশে বালতি ভর্তি পানি রেখে পাম্পের পাইপ দিয়ে তাদের গৃহপালিত মহিষের শরীর ধোয়াচ্ছিলেন। মহিষ ধোয়ানো শেষে তিনি টিউবওয়েলের কাছে ফিরে এসে দেখতে পান তার শিশুটি বালতির পানিতে নিঃস্তব্ধ হয়ে ভেসে আছে। স্বজনরা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মােহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
