প্রকাশিত: ১৬:১৯, ২৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:২৪, ২৫ অক্টোবর ২০২৬
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে চবি প্রশাসন
ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের হলের পাশেও ড্রোন ওড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না। ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে এবং প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
