‘তেরো পার্বণ’-এর প্রতিমা। ফাইল ছবি।
Published on
:
1 min read
ব্রাসেলসের ‘তেরো পার্বণ’-এর পুজোয় এ বার স্মরণে উত্তমকুমার। বাঙালির মহানায়কের জন্মশতবর্ষ এ বছর। তাই তাঁকে এবং চলচ্চিত্র জগতে তাঁর অবদানকে বিশেষ ভাবে স্মরণ করতে চলেছে বেলজিয়ামের প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ‘তেরো পার্বণ’। এ বছরের দুর্গোৎসবের মূল ভাবনায় থাকছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা এবং তাঁর সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির দীর্ঘদিনের আবেগ ও নস্টালজিয়া।
২০২১ সালে কর্মসূত্রে বেলজিয়ামে বসবাসকারী কয়েকজন বাঙালির উদ্যোগে গড়ে ওঠা ‘তেরো পার্বণ’ এ বছর তাদের দুর্গোৎসবের ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। সংগঠনের তরফে ইন্দ্রনীল দাস রায় জানান, ব্রাসেলসে আয়োজিত এই দুর্গোৎসব ইতিমধ্যেই বেলজিয়ামের তথা ইউরোপের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালির মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতি বছর ব্রাসেলস ও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে বহু মানুষ এই উৎসবে অংশ নেন।
পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কলকাতার বেশ কয়েকজন শিল্পীও। অনুষ্ঠান, হৈ হৈ, নানা স্বাদের খাবার, সব মিলিয়ে জমাটি আয়োজন। প্রবাসে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র বজায় রাখার লক্ষ্যেই ‘তেরো পার্বণ’-এর এই উদ্যোগ। উত্তমকুমারের জন্মশতবর্ষকে কেন্দ্র করে এ বারের দুর্গোৎসব সেই সাংস্কৃতিক ধারাকেই আরও একবার সামনে নিয়ে আসবে বলে আশা করছেন আয়োজকরা।