ছবিটি প্রতীকীছবি: AI নির্মিত
Published on
:
1 min read
ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের দুই উঠতি অ্যাথলিট। বুধবার, ২১ অক্টোবর ওডিশার কটক শহরে পথ দুর্ঘটনার কবলে পড়েন স্প্রিন্টার মৃত্যম জয়রাম দোন্দাপতি ও মলয় বারিক। মৃত্যমের বয়স হয়েছিল মাত্র ২১ বছর এবং মলয় পা রেখেছিলেন ২০-তে। এই মর্মান্তিক ঘটনায় ওডিশার ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার কটকে এক পথ দুর্ঘটনার কবলে পড়েন এই দুই তরুণ অ্যাথলিট। দু'জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে পথেই তাঁদের মৃত্যু হয়। তবে তাঁরা কী ভাবে দুর্ঘটনার কবলে পড়লেন তা জানা যায়নি। বাইক চালাচ্ছিলেন নাকি কোনও গাড়ি এসে তাঁদের ধাক্কা দিয়েছে সেই বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
মৃত্যম ও মলয় ছিলেন ওডিশা অ্যাথলেটিক্সের অন্যতম উঠতি প্রতিভা। বিশেষ করে মৃত্যম জয়রাম জাতীয় স্তরে স্প্রিন্টে তাঁর অসাধারণ গতি দিয়ে নজর কেড়েছিলেন। ‘ইন্ডিয়া ওপেন অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা’-য় ১০০ মিটার এবং ২০০ মিটার স্প্রিন্টে জোড়া সোনা জিতে জাতীয় নির্বাচকদের নজরে এসেছিলেন। ঘরোয়া ট্র্যাকেও ওডিশা স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সোনা এবং ১০০ মিটারে রুপো জিতেছিলেন।
ওডিশার রিলের অন্যতম মুখ মলয়
অন্যদিকে, ২০ বছর বয়সি মলয় বারিক ছিলেন ৪০০ মিটার ও রিলে ইভেন্টের অন্যতম ভরসা। ২০২৫ সালের জাতীয় অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে ছেলেদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা এনে দিয়েছিলেন তিনি। সিনিয়র রাজ্য অ্যাথলেটিক্স মিটে রুপো এসেছিল তাঁর হাত ধরে। আন্তর্জাতিক আঙিনায় দেশের জার্সি গায়ে চাপানোর জন্য যখন নিজেদের প্রস্তুত করছিলেন এই দুই তরুণ, ঠিক তখনই পথ দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।
দুই তরুণ ক্রীড়াবিদের এই মৃত্যুতে স্তব্ধ গোটা ওডিশা। সমবেদনা জানিয়ে ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেন। তিনি লেখেন, ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যম ও মলয়ের মৃত্যু ওডিশার খেলাধুলোর জগতে এক গভীর ও অপূরণীয় ক্ষতি’।
