জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বুধবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
ইকবাল হাসান মাহমুদ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
তিনি উভয় দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রকৌশলী ও জ্বালানি বিশেষজ্ঞদের জন্য জ্ঞান বিনিময় উদ্যোগ এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য আলজেরিয়ার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, এই উদ্যোগের ফলে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, এর ফলে বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে উত্তম চর্চা বিনিময়ের সুযোগও তৈরি হয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিব বলেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে গুরুত্ব দেয়। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক পরিপূরক সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
