সমগ্র জীবজগতের সুখ, শান্তি ও বিশ্বমৈত্রীর আকুল প্রার্থনা এবং নানা বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা (আশ্বিনী) পূর্ণিমা মহাসমারোহে উদযাপিত হয়েছে।
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ত্রৈমাসিক বর্ষাবাস ব্রত পালন শেষে এই প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই ঐতিহাসিক রাজ বন বিহারসহ জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে সর্বস্তরের পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে অংশ নেওয়া শত শত উপাসক-উপাসিকার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।
দিনটি উপলক্ষ্যে সকালে রাজ বন বিহার প্রাঙ্গণে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বলন এবং চিমিতং পূজাসহ নানা পুণ্যময় ধর্মীয় অনুষ্ঠানমালা সম্পন্ন হয়। এ সময় বিহারে সমবেত পুণ্যার্থীরা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। অনুষ্ঠানে দায়ক-দায়িকাদের উদ্দেশে পবিত্র ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো।
উৎসবের দিনটিতে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আকাশে রঙিন ফানুস ওড়ানোর মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার প্রধান পর্বের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনের এই দিনটির পর থেকেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী পুণ্যময় উৎসব ‘শুভ কঠিন চীবর দান’ শুরু হতে যাচ্ছে।
জেএইচআর
