সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন-আখন্দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন পিভিএম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অ.ন.ম. নোমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন কান্তি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সুজন নাথসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাই যেন নির্বিঘ্নে আনন্দের সঙ্গে উৎসব উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাসহ দেশের বড় বড় ধর্মীয় উৎসবের মাধ্যমে বাংলাদেশের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে হবে। এ সময় তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম গুজব প্রতিরোধে পূজা উদযাপন কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি উপজেলা পর্যায়ের সব দুর্গাপূজা কমিটির ফেসবুক পেজ সচল রাখার পরামর্শ দেন, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপপ্রচার ছড়ালে দ্রুত তার প্রতিবাদ জানানো যায়।
তিনি বলেন, গুজব ছড়িয়ে কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্ট পূজা কমিটির সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচার প্রতিহত করতে হবে।
প্রতিমা বিসর্জন প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, বিসর্জনের স্থান আগে থেকেই নির্ধারণ করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিনের আলোতে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
The post লোহাগাড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
