কোলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত হয়েছে কবিতার গান খ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদী’র একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল। কোলকাতার সুচিত্রা মিউজিক থেকে সম্প্রতি (১৩ অক্টোবর) প্রকাশিত এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান।
২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি ছিল শুভমিতা ব্যানার্জির গাওয়া বিখ্যাত গান ‘যদি বন্ধু হও’ গানের সিক্যুয়াল। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই প্রশংসিত হয়েছিল।
গত দেড় দশক ধরে নদীর কণ্ঠমাধুর্য ও গায়কীর শৈলী বিপুলভাবে দর্শকশ্রোতা নন্দিত হয়েছে। ঐশিকা নদী গান করেন কম কিন্তু অত্যন্ত বেছে বেছে। কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, মাহবুব-উল আলম চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে। অ্যালবামের কবিতাগুলো সুর করেন তার বাবা প্রখ্যাত সুরকার শাহীন সরদার। প্রায় দেড় যুগ আগে সাংস্কৃতিক অঙ্গনের সুধীমহলে কবিতার গান গেয়ে আলোড়ন সৃষ্টি করেন শিল্পী ঐশিকা নদী। তাঁর ব্যতিক্রমী কণ্ঠের গায়কী স্বকীয়তার কারণে অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়। ঐশিকা বেতার ও টেলিভিশনেও সংগীত পরিবেশন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর এই শিল্পী যখন তখন যে কোন গান করেননি। তার কণ্ঠ এবং গায়কীতে রয়েছে স্বকীয় শৈলী।
কোলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকার এই সঙ্গীতায়োজনে ছিলেন পার্থ পাল এবং শব্দ প্রকৌশলে ছিলেন সঞ্জয় ঘোষ।
ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম। প্রকাশিত গানটি প্রসঙ্গে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভমিতা, সুরকার-গীতিকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদার। গানটি ঢাকায় ও কলকাতায় একযোগে প্রকাশিত হয়েছে এ বছরের দুর্গাপূজায়।
