পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গান গাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে জালালাবাদ থানার এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।
অভিযোগ রয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় তিনি সেই দায়িত্ব ছেড়ে অনুষ্ঠানে গান গাইতে যান। তাঁর গান পরিবেশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
