আজকাল ওয়েবডেস্ক: সপ্তমীর সকালে ফের বাংলায় ভয়াবহ দুর্ঘটনা। এবার দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইকে থাকা তিনজনের। মৃতদের মধ্যে দুই বন্ধু ও তাঁদের এক বান্ধবী রয়েছেন বলে জানা গিয়েছে।
ভিড়িঙ্গি মোড় থেকে পিয়ালার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনজনের মৃত্যু হয় বলে খবর। মৃতেরা হলেন, সায়ন গোস্বামী, তন্ময় ঘোষ। তাঁদের দু'জনের বাড়ি আসানসোলের হিরাপুরে। আরেকজন হলেন, কৃষ্ণা গাঙ্গুলী। তাঁর বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভিড়িঙ্গি মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় রাস্তায় চলন্ত একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
