Published : 18 Oct 2026, 12:58 PM
Updated : 18 Oct 2026, 12:58 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে মামুন নামের এক চালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রোববার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হুসাইন গত ৩০ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন রোববার।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সুমন তাদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের উপরে আন্দোলনে অংশ নেন মামুনসহ কয়েকজন। মিছিল চলাকালে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন মামুন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন মামুন।
চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত বছরের ২১ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করেন মামুন।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কারাগারে আছেন আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক।
