শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সবুজবাগ সরকারি স্কুল ও কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘শিক্ষা জীবনের পথ অনেক দীর্ঘ। এই পথ অতিক্রম করতে হলে কঠোর পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত হাল ছাড়া যাবে না।’ আমেরিকার সাবেক রাষ্ট্রপতি কলিন পাওয়েলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘কোনো স্বপ্ন জাদুতে বাস্তবে পরিণত হয় না; এর জন্য প্রয়োজন ঘাম, দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রম।’
মেধাবী ও শিক্ষিত হলেও অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তোমরা আগামী দিনের বাংলাদেশ। দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং দেশসেবায় নিজেকে গড়ে তুলতে হবে। আগামী দিনের যেকোনো সমস্যা সমাধানে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, জননী, মাতৃভূমি ও মাতৃভাষা—এই তিন ‘মা’কে সব সময় হৃদয়ে ধারণ করতে হবে। পাশাপাশি মিথ্যা, মাদক ও মুখস্থবিদ্যার মতো তিন ‘ম’কে মনেপ্রাণে বর্জন করার আহ্বান জানান তিনি।
শিক্ষাকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য কেবল সনদ অর্জন নয়; বরং দক্ষতা, বাস্তব জীবনের সক্ষমতা ও সামাজিক অগ্রগতি অর্জন করা। বর্তমান সরকার শিক্ষাকে একটি সাধারণ প্রকল্প হিসেবে না দেখে জাতি গঠনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে।
শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, শিক্ষকেরা জাতির মেরুদণ্ড গড়ার নিপুণ কারিগর। তাদের যথাযথ সম্মান জানালেই ভবিষ্যৎ প্রজন্ম সম্মানিত হবে।
সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূর আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন মাহমুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
