আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবেই ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবে না; তাদের দেশের উন্নয়ন ও জনগণের সুরক্ষায় নিয়োজিত রাখতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে ইচ্ছা পরিচালিত করা হয়েছে। তবে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের কল্যাণে নিয়োজিত করা। নির্বাচিত সরকারের কাছে জনগণের যে জবাবদিহিতা রয়েছে, তা আমাদের নিশ্চিত করতে হবে।’
সাবেক শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত সরকারের কোনো জবাবদিহিতা ছিল না বললেই চলে। তারা যখন যা ইচ্ছা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল, যার ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশের গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ততটাই মজবুত ভিত্তি পাবে।
দেশের সার্বিক অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে স্বর্ণ ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, সব নাগরিককে দায়িত্বশীল হতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে এবং কর্মসংস্থান বাড়াতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাজুসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা শাখার চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
